গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে জলজ্যান্ত একজন মানুষকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল নেতা হামিম। তিনি লেখেন, “বিচারের বাণী নিভৃতে কাঁদে”—এই বাস্তবতায় রাজনীতি করা মানুষদের মৃত্যুও রাজনৈতিক বিবেচনায় দেখা হয় বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে নিহত হাদীর পরিবারের করুণ অবস্থার কথা তুলে ধরে হামিম বলেন, হাদীর স্ত্রী এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি, আট মাসের শিশুটি বাবার পরিচিত মুখ খুঁজে ফিরছে, ভাই-বোনেরা মানসিকভাবে বিপর্যস্ত। তিনি উল্লেখ করেন, হাদীর সহযোগিতা পাওয়া অনেক মানুষ আজ স্বাভাবিক জীবন যাপন করলেও রাজনীতির বাইরে সবাই যে মানুষ—এই বোধটি যেন হারিয়ে যাচ্ছে।
হামিম হাদীর হত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান। তিনি ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ নিখোঁজ বহু ব্যক্তির উদাহরণ টেনে বলেন, তাদের পরিবার আজও জানে না প্রিয়জনরা কোথায়। ভয়ঙ্কর সেই পরিবেশ থেকে মুক্তি পেতেই ৫ আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আক্ষেপ করেন, তবুও প্রকৃত মুক্তি মেলেনি।
স্ট্যাটাসের শেষাংশে সতর্ক করে তিনি বলেন, “আজ যদি আমরা চুপ থাকি, কালকে—আপনি, আমি, আমরাও”—এই পরিণতির শিকার হতে পারি।