ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
‘শাপলা কলি’ প্রতীকের এই প্রার্থী জানান, কয়েকটি কেন্দ্রে অনিয়মের আশঙ্কার তথ্য তারা পেয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে দখলের চেষ্টা হয়েছে বলে খবর এসেছে। একই সঙ্গে শাহজাহানপুর এলাকার একটি কেন্দ্রে ২০ থেকে ৩০ জন লোক অবস্থান করছিল, যদিও কেন্দ্রের গেট খোলা ছিল। এসব বিষয়ে পুলিশকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, কোনো জায়গায় ভোট ডাকাতির চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে। পাশাপাশি তিনি সাধারণ ভোটারদের মোবাইল ফোনে অনিয়মের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এই প্রার্থী বলেন, ভোটাররা কেন্দ্রে এসে ভোট দেবেন এবং শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ প্রতীকেরই জয় হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি জানান, নির্বাচিত হলে সংসদে কাজ করবেন, আর নির্বাচিত না হলেও মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন।
এর আগে এক ফেসবুক লাইভে নির্বাচিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহের কথা জানান নাসীরুদ্দীন পাটোয়ারী। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সুযোগ পেলে সারা দেশে অভিযান চালানো হবে।
মধ্যরাতে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি জানান, শান্তিবাগ স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল এবং মতিঝিল এলাকার কয়েকটি স্কুল ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব তথ্য প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।