মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। এই দুই ঘটনার সম্মিলিত প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার পরপরই তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা ছাড়িয়ে যায়। তবে কিছু সময় পর দাম কিছুটা কমে আসে।
একই সময়ে নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্যও বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। লেনদেন শুরুর প্রায় ৪৫ মিনিট পর তা সামান্য কমে প্রায় ১১১ ডলারে স্থিতিশীল হয়।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭ দশমিক ০২ এবং ৭২ দশমিক ৪৮ ডলার।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারে নতুন চাপ তৈরি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।