শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আফগান ক্রিকেটের পথিকৃৎ জাদরান আর নেই

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ, সাবেক বাঁহাতি গতিতারকা শাপুর জাদরান আর নেই। বিরল ও প্রাণঘাতী রোগে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম পথিকৃৎ, সাবেক বাঁহাতি গতিতারকা শাপুর জাদরান আর নেই। বিরল ও প্রাণঘাতী রোগে দীর্ঘদিন ভোগার পর মঙ্গলবার ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে আফগানিস্তানের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শাপুর জাদরানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ও আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার দৌলত জাদরান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং এই ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

পরিবারের সূত্রে জানা গেছে, শাপুর জাদরান ‘হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস’ নামে বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য গত জানুয়ারি থেকে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। একপর্যায়ে শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে আবার অবনতি হওয়ায় তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায়ই তাঁর মৃত্যু হয়।

আফগানিস্তান জাতীয় দলের শুরুর দিকের অন্যতম নির্ভরযোগ্য সদস্য ছিলেন শাপুর জাদরান। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জাতীয় দলের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০২০ সালে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আফগানিস্তানের হয়ে ৮০টি ম্যাচে অংশ নিয়ে তিনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩টি এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭টি উইকেট শিকার করেন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যা ৮০।

তিনি আফগানিস্তানের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। এছাড়া ২০১৫ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া আফগানিস্তান দলেরও সদস্য ছিলেন।

তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। নিউজিল্যান্ডের ডানেডিনে স্কটল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটের জয় পায় আফগানিস্তান। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে দেশটির প্রথম জয়। মূলত বোলার হলেও সেই ম্যাচে শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয়সূচক রানটি করেন শাপুর জাদরান। আফগান ক্রিকেট ইতিহাসে মুহূর্তটি আজও বিশেষভাবে স্মরণীয়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কয়েক বছর দূরে থাকার পর ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। বিদায়ী বার্তায় শাপুর লিখেছিলেন, এই দিনটির মুখোমুখি তিনি কখনো হতে চাননি, তবে প্রতিটি ক্রিকেটারের জীবনেই একসময় বিদায়ের মুহূর্ত আসে।

তিনি আরও লিখেছিলেন, ২২ বছরের সেবা, ত্যাগ ও ক্রিকেটের প্রতি ভালোবাসার পর তিনি বিদায় নিচ্ছেন। তাঁর কাছে ক্রিকেট শুধু একটি খেলা ছিল না, বরং আবেগ, পরিচয় এবং জীবনের লক্ষ্য ছিল।

শৈশবের স্বপ্নের কথা স্মরণ করে তিনি বলেছিলেন, ছোটবেলা থেকেই আফগানিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন। দেশের পতাকাকে বিশ্বমঞ্চে তুলে ধরার যাত্রায় অবদান রাখতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করতেন।

২০২৫ সালে তাঁর অবসরের সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে শাপুর জাদরানকে দেশটির ক্রিকেটের উত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে। পাশাপাশি আফগান ক্রিকেটের বিকাশে তাঁর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের প্রতিষ্ঠার পেছনে যে প্রজন্মটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, শাপুর জাদরান ছিলেন তাদের অন্যতম। বাঁহাতি গতি, লম্বা গড়ন, আক্রমণাত্মক বোলিং এবং স্বতন্ত্র উদ্‌যাপনের জন্য তিনি দ্রুতই সমর্থকদের প্রিয় হয়ে ওঠেন।

শাপুর জাদরানের মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট হারাল তার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নামকে। তবে ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় এবং দেশটির ক্রিকেটের উত্থানে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর