মধ্যপ্রদেশে বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও ধারাবাহিক যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযুক্ত প্রভাবশালী হওয়ায় থানায় লিখিত অভিযোগ জানিয়েও তিনি কোনো সুরাহা পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা তরুণী।
অভিযুক্ত ব্যক্তির নাম অশোক সিং। তিনি রামপুর বাঘেলান নগর পরিষদের এক বিজেপি কাউন্সিলরের স্বামী।
নির্যাতিতার অভিযোগ করেন, প্রায় ছয় মাস আগে অভিযুক্ত তাঁর বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। ঘটনার পর থেকে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি চুপ ছিলেন।
সম্প্রতি, তিনি সাতনার পুলিশ সুপার হংসরাজ সিংয়ের কাছে লিখিত অভিযোগ জানান। পুলিশ সুপার অভিযোগটি ডেপুটি সুপারিটেন্ডেন্টের কাছে পাঠালেও পাঁচ দিন পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তরুণীর আরও জানান, গত ২০ ডিসেম্বর ফের তাঁকে যৌন হেনস্তা করা হয়। বিষয়টি মুখ খুললে ভয়ংকর পরিণতির হুমকিও দেওয়া হয়। অভিযুক্ত নিয়মিত তাঁর দোকানে এসে ভয় দেখান বলেও জানিয়েছেন তিনি।
অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও এরকম অপরাধের রেকর্ড রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, নির্যাতিতা তরুণীর করা একটি ভিডিওতে দেখা যায়, সব বিষয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখালে অভিযুক্ত অশোক সিং বলেন, 'আমার কে কী করবে? কিছুই হবে না। যেখানে খুশি অভিযোগ করো, আমার কিছুই হবে না।'
এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সব অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাল ভিডিওসহ অন্যান্য প্রমাণ যাচাই করা হচ্ছে বলে দাবি করেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।
ঘটনাটি সামনে আসতেই রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মানবাধিকারকর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলো।