মুজিবনগর সরকারকে বলা হয় ‘স্বাধীনতার আতুর ঘর'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত হন এম এ জি ওসমানীকে। পরবর্তীতে এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরে।
তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ শপথ গ্রহণের স্থান মেহেরপুরের বৈদ্যনাথতলার নামকরণ করেন ‘মুজিবনগর’। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেন ১২ জন আনসার সদস্য।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা চালানোর পর ২৬ মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। মুক্তিযুদ্ধের নেতৃত্ব, আন্তর্জাতিক স্বীকৃতির জন্য ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয়। পরে মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।