৫ আগস্টের আগে ও পরে পুলিশ সদস্য হত্যাসহ সব হত্যাকাণ্ডের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শুধু পুলিশ নয়, ওই সময়ে আরও অনেক মানুষ নিহত হয়েছেন। আইন অনুযায়ী এসব ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কথায় কথায় তরুণদের রাস্তায় নেমে অবরোধ করা ঠিক নয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি সবারই ক্ষতি হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য উল্লেখ করে আইজিপি বলেন, বিনিয়োগ আকর্ষণে স্থিতিশীল আইনশৃঙ্খলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন ইতিহাসে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত হয়েছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে আইজিপি বলেন, দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক। এ বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
শনিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী পাসিং আউট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।